কালুখালীর আল মদিনা মডেল মহিলা মাদরাসার ছাত্রীদের অনন্য সাফল্য
- আপডেট সময় : ০৪:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ৬৪ বার পড়া হয়েছে
জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এ ১১টি পুরস্কার অর্জন করেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড় বাসস্ট্যান্ড-সংলগ্ন আল মদিনা মহিলা মডেল মাদরাসা অ্যান্ড ইসলামী কিন্ডারগার্টেনের ছাত্রীরা। অর্জিত পুরস্কারের মধ্যে পাঁচটিতে প্রথম, চারটিতে দ্বিতীয় ও দুটিতে তৃতীয় স্থান পেয়েছে তারা।
ইসলামী ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে মাদরাসার ছাত্রীরা। তাদের এ অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ সাফল্য এসেছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও প্রতিভা বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে থাকে।
মাদরাসার মুহতামিম মাওলানা আলামিন শেখ বলেন, “আমাদের ছাত্রীদের এ অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের। তাদের মেধা, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। এ অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আমরা চাই, তারা ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডেও দক্ষতা অর্জন করে এগিয়ে যাক।”
তিনি এ সাফল্যের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কৃতী ছাত্রীদের অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।


























