ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প একনেক সভায় অনুমোদিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিলেন প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম
- আপডেট সময় : ০৯:০০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ফরিদপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদন পেয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৬-২৭ অর্থবছরের সপ্তম সভায় ‘ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হয়েছে।
প্রকল্পটির অনুমোদনের ফলে দুই জেলার গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্য বাজারজাতকরণ সহজ করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রকল্পটির পরিচালক ও প্রণয়নকারী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম এক প্রতিক্রিয়ায় এ অর্জনকে তাঁর কর্মজীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, মাঠপর্যায়ের জরিপ, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত এবং অনুমোদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ ছিল দায়িত্ববোধ ও আন্তরিক প্রচেষ্টার অংশ।
তিনি বলেন, ফরিদপুর ও রাজবাড়ী জেলার অবহেলিত গ্রামীণ জনপদের মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব, কৃষিপণ্য বাজারজাতকরণে সুবিধা সৃষ্টি এবং সামগ্রিক গ্রামীণ অর্থনীতিকে বেগবান করার লক্ষ্যেই প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে।
প্রকল্পটির অনুমোদনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি জনাব তারেক রহমান, এমপিসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীদের ধন্যবাদ জানান।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ফরিদপুর ও রাজবাড়ী জেলার লক্ষ লক্ষ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, প্রকল্পটির বাস্তবায়নকাল ডিসেম্বর ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০৩১ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।























