প্রয়াত কে এম আইনুল হাবীবের স্বপ্ন পূরণের প্রত্যয়, মডেল ইউনিয়ন গড়ার পরিকল্পনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী
কালুখালীর মাঝবাড়ীতে কেএম নইমুল হকের নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ১২২ বার পড়া হয়েছে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলার ৪ নং মাঝবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কে এম নইমুল হকের উদ্যোগে নির্বাচনী প্রচারণা, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভোটার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিএনপি নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মোঃ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে এবং মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী কে এম নইমুল হক। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কুষ্টিয়াডাঙ্গী জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ এহসানুল হক আলিফ।
সভায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার কে এম নাহিদ সাইদ, মোঃ ফরিদ হোসেন, মোঃ মনিরুল খান, মোঃ জিল্লুর রহমান জিলাল, শাকিল আহমেদ, শরিফুল ইসলাম, খলিলুর রহমান খলিল, দিপু আহম্মেদ, মোঃ মানিক মন্ডল, জাকির হোসেন, আব্দুল জলিল মন্ডল, আসমত আলী, আব্দুল মজিদ, নাসিরুল হক, শফিক মন্ডল, কাসেদ আলী, মতিউর রহমান, আলাউদ্দিন আহম্মেদ, সিদ্দিকুর রহমান, শাহজাহান আলী ও মাহফুজ খানসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার কথা সরাসরি জানতেই এ উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। একটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা ও জবাবদিহি থাকা জরুরি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কে এম নইমুল হক প্রয়াত আইনুল হাবীবের স্বপ্ন ও প্রত্যাশার কথা তুলে ধরে তা পূরণে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চান।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে মাঝবাড়ী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হবে। শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারা মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসেবায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
যুবসমাজের উন্নয়ন প্রসঙ্গে কে এম নইমুল হক বলেন, তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় খেলার মাঠের ব্যবস্থা, খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং তরুণদের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মাঝবাড়ী ইউনিয়নকে মাদকমুক্ত, উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন প্রত্যাশা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। এ সময় কে এম নইমুল হক তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এসব সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন।
সভায় তাঁর ছেলে ইঞ্জিনিয়ার কে এম নাহিদ সাইদও বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে নির্বাচনী ভাবনা, এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
স্থানীয় মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণার পাশাপাশি এলাকার উন্নয়ন, জনসেবা এবং প্রয়াত আইনুল হাবীবের স্বপ্ন ও প্রত্যাশা পূরণের বিষয়গুলো গুরুত্ব পায়।
সভা শেষে প্রয়াত আইনুল হাবীবের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ, জাতি ও এলাকার সার্বিক কল্যাণ এবং শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

























