রাজবাড়ীর পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মদিন পালিত
- আপডেট সময় : ০৪:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ৭৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশায় বাংলা সাহিত্যের খ্যাতিমান সাহিত্যিক মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় পাংশা পৌর শহরের মাগুরাডাঙ্গী গ্রামে সাহিত্যিকের সমাধিস্থলে পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অন-স্পট কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সভাপতি মো. রিফাতুল হক।
এয়াকুব আলী চৌধুরীর জীবন ও সাহিত্যকর্মের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাংশা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের নির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক মো. সহিদুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন পাংশার সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু এবং পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদার।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহজুই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. খোন্দকার মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাব।
অন-স্পট কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইমতিয়াজ বারী রাজ, দ্বিতীয় স্থান অধিকার করে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের নবম শ্রেণির শিক্ষার্থী অভিজিৎ মোদী এবং তৃতীয় স্থান অধিকার করে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার অনু।
এর আগে সোমবার পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘এয়াকুব আলী চৌধুরীর জীবন ও সাহিত্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আস্থা তানজিম, দ্বিতীয় স্থান অধিকার করে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইদা আরা হিমা এবং তৃতীয় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. তাসনিম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য অধ্যাপক মো. শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এ ছাড়া কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সদস্য, লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাহিত্যচর্চায় আগ্রহী করে তুলতেই এ দু’দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।






















