পাঁচ ধাপে ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ, প্রথম ধাপে ভোট কালুখালী ও বালিয়াকান্দিতে
- আপডেট সময় : ১২:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৪০ বার পড়া হয়েছে
দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের এই তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার মধ্যে প্রথম ধাপে কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে গোয়ালন্দ ও রাজবাড়ী সদর এবং তৃতীয় ধাপে পাংশা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসির পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
রাজবাড়ী জেলার কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

























