মুন্সিগঞ্জের লৌহজংয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “আগামীর আলোর যাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ৫৬ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, পরিবেশ পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে জ্ঞান ও দক্ষতা বিকাশের লক্ষ্যে মুন্সিগঞ্জের লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ২০২৬ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে তিনটি বিষয়ভিত্তিক সেশনে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। পড়াশোনায় উৎসাহ ও প্রেরণামূলক সেশন পরিচালনা করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এস এম আবদুর রাজ্জাক।
নৈতিকতা ও পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ে সেশন পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ দেন প্রধানমন্ত্রীর মুখপাত্রের তথ্যপ্রযুক্তি সমন্বয়ক প্রকৌশলী ফজলে রাব্বি।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি প্রধান অতিথি বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করেন।
এ সময় অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার সাংবাদিকদের বলেন, মানুষের জন্য কাজ করাই তাঁদের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার বিকাশে দেশজুড়ে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল এমপি। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্যায়ের পরিচালক, মনিটরিং টিমের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় প্রতিনিধিসহ শিক্ষার্থীরা অংশ নেন।























