পাংশায় বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ১২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন পাংশা উপজেলা শাখার উদ্যোগে চতুর্থ বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
সম্প্রতি পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের পাংশা উপজেলা শাখার সভাপতি ডা. স্বপন কুমার মণ্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিল্লাল হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি, রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. আমিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক ডা. আব্দুল হাই সিদ্দিক, মহিলা সম্পাদিকা প্রভাষক ডা. আয়েশা তাহমিনা, সহ-সভাপতি ডা. সরোয়ার মাসুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান সুমন, অর্থ সম্পাদক ডা. মো. কাওসার হামিদ, দপ্তর সম্পাদক ডা. সাইদা পারভীন, রাজবাড়ী সদর উপজেলা সভাপতি ডা. এ কে এম ফজলে গণি, সদস্য ডা. গৌতম বিশ্বাস এবং কালুখালী উপজেলা শাখার সভাপতি ডা. রণজিৎ মল্লিকসহ স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আমিরুল ইসলাম বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থা প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার সার্বিক উন্নয়নে তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক ডা. আব্দুল হাই সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, ডিএইচএমএস (DHMS) কোর্স সম্পন্নকারী চিকিৎসকদের সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
মহিলা সম্পাদিকা প্রভাষক ডা. আয়েশা তাহমিনা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার উন্নয়ন এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোর শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের সুদৃষ্টি কামনা করছি।























