কালুখালীতে বিএনপি নেতা আইনুল হাবীবের জানাযায় হাজারো মানুষের ঢল
- আপডেট সময় : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৩৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য কে এম আইনুল হাবীবের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানাযায় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান রুমা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সহ কালুখালী, পাংশা, বালিয়াকান্দি ও রাজবাড়ী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী শিক্ষক সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাযায় ইমামতি করেন কালুখালী বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আব্দুল মালেক। জানাজা শেষে মরহুম কে এম আইনুল হাবীবকে মোহনপুর বাজার কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য : শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে স্ট্রোকজনিত কারণে তিনি নিজবাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০বছর। তিনি স্ত্রী ১ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
কে এম আইনুল হাবীব কালুখালীর রাজনীতিতে একজন পরিচিত মুখ ছিলেন। তিনি দীর্ঘদিন বৃহত্তর পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেন। এ ছাড়া তিনি কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার সম্পৃক্ততা ছিল। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন।
তার মৃত্যুতে কালুখালীবাসী একজন অভিজ্ঞ রাজনৈতিক সংগঠক ও স্থানীয় পর্যায়ের পরিচিত ব্যক্তিত্বকে হারালেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তার স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।























