সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরীফ কায়কোবাদের ১ম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০২:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৫০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশায় সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরীফ কায়কোবাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় পাংশার এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এবং পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সহিদুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরীফ কায়কোবাদ ছিলেন পাংশার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ ও মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাবেক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর রচিত ‘সাত রঙা ফুল’ ও ‘ছড়ায় ছড়ায় বাংলাদেশ’ কাব্যগ্রন্থ পাঠকমহলে বিশেষ পরিচিতি লাভ করে।
অনুষ্ঠানে বক্তারা তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন, শিক্ষকতা, সাহিত্যচর্চা, দেশপ্রেম এবং মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার পাংশা মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন।
অধ্যক্ষ শরীফ কায়কোবাদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক মোঃ সহিদুর রহমান, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা ও পাংশা সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম এবং সংগঠনটির সাংস্কৃতিক সম্পাদক ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন।
এ সময় কবি মোল্লা মাজেদ, মোঃ এবাদত আলী সেখ ও ষড়জিৎ বিষ্ণু শ্যাম তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আনোয়ারুল ইসলাম আনোয়ারসহ সংগঠনের সদস্য, সাহিত্যপ্রেমী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পরানপুর দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা চৌধুরী। মোনাজাতে মরহুম বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরীফ কায়কোবাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাহিত্যিক হিসেবে অধ্যক্ষ শরীফ কায়কোবাদ তাঁর কর্ম, আদর্শ ও সৃষ্টিশীলতার মধ্য দিয়ে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর সাহিত্যকর্ম, দেশপ্রেম ও জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হয় পাংশার এই গুণী মানুষটিকে।























