কালুখালীতে অবৈধ জালে মাছ শিকার বন্ধে প্রশাসনের সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালীতে অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ আহরণ বন্ধ এবং মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বিল শ্যামসন্দপুর এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে স্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলি, মৎস্য সম্পদ রক্ষা করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে চায়না দুয়ারি, কারেন্ট, বেড়, ভেসাল, চাক, চরঘেরা, বেহুন্দি ও মশারি জালসহ ৬.৫ সেন্টিমিটারের কম ফাঁসের জাল এবং বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের ক্ষতিকর দিক তুলে ধরা হয়।
সমাবেশে বক্তারা বলেন, অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ আহরণের ফলে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। এসব পদ্ধতিতে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হচ্ছে। ফলে জলজ জীববৈচিত্র্য ও দেশের মৎস্য সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। মৎস্য সম্পদ রক্ষায় এসব অবৈধ পদ্ধতি বন্ধ করা জরুরি।
কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলটের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনজুর হোসেন মঞ্জু
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, রাইপুর কে.এস.এম. একাডেমির শিক্ষক কোরবান আলী, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রিপন বিশ্বাস, অফিস সহায়ক মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা মৎস্য সম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহার এবং বৈদ্যুতিক শকসহ সব ধরনের ক্ষতিকর পদ্ধতিতে মাছ আহরণ থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন, মৎস্য বিভাগ ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।






















