রাজবাড়ীর পাংশায় ১০ ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ
- আপডেট সময় : ০১:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ২০২৬ বিকেলে পাংশা উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার আয়োজনে এবং পাংশা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ এবং পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু, কোষাধ্যক্ষ রুহুল আমিন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের সঙ্গে দায়িত্বশীল আচরণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে প্রশিক্ষণ সম্পন্নকারী গ্রাম পুলিশ সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।






















