জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় নারী ফুটবল টুর্নামেন্ট, ১-০ গোলে জয়ী নীলফামারী
- আপডেট সময় : ০১:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
নারী ফুটবলের বিকাশ, নতুন খেলোয়াড় তৈরি এবং নারীদের ক্রীড়াঙ্গনে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনচর্চার মানসিকতা তৈরি করে। বিশেষ করে নারী ফুটবলারদের উৎসাহিত করতে তৃণমূল পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় বগুড়ার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত নারী প্রীতি ফুটবল টুর্নামেন্টে এসব কথা বলেন তিনি। টুর্নামেন্টটির আয়োজন করে মোকামতলা উপজেলা বিএনপি।
খেলায় বগুড়া মহিলা ফুটবল একাদশ ও নীলফামারী মহিলা ফুটবল একাদশ অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে বগুড়া মহিলা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে নীলফামারী মহিলা ফুটবল একাদশ।
খেলাকে কেন্দ্র করে মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে ছিল আনন্দ-উদ্দীপনা।
আয়োজকেরা জানান, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে এ ব্যতিক্রমী আয়োজনের মূল লক্ষ্য নারী ফুটবলারদের উৎসাহিত করা, তৃণমূল পর্যায়ে নারী ফুটবলের প্রসার ঘটানো এবং নতুন প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা।
তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে নারী ফুটবলের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।






















